সোহেল রানা যশোর : যশোর জেলা সদরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। থানায় যোগদানের পর থেকেই তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সাধারণ মানুষের জন্য পুলিশের দরজা উন্মুক্ত করার মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক চোরাচালান রোধ, কিশোর গ্যাং কালচার প্রতিরোধ, চুরি-ছিনতাই হ্রাস এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন ওসি কবির হোসেন। তার নির্দেশনায় কোতোয়ালি থানা পুলিশ দিন-রাত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা যশোরে এসেও তার পেশাদারিত্বের স্বাক্ষর রাখছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান ওসির দায়িত্ব গ্রহণের পর থেকে থানায় সেবার মান অনেক উন্নত হয়েছে। সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই তাদের অভিযোগ জানাতে পারছেন। বিশেষ করে সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দায়েরের ক্ষেত্রে দালালের দৌরাত্ম্য বন্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছেন।নিজের কাজের দর্শন সম্পর্কে ওসি কবির হোসেন জানান, পুলিশ জনগণের বন্ধু এবং সেই বার্তাটিই তিনি কাজের মাধ্যমে প্রমাণ করতে চান। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। যশোর কোতোয়ালি থানাকে একটি আদর্শ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি জেলা পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Reporter Name 















