যশোরের ঝিকরগাছায় সাবেক সেনা কর্মকর্তা আবদুস সাত্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার ছেলে জুয়েল রানা ও কলেজ শিক্ষার্থী রাহুল পারভেজ রুকুও আহত হয়েছেন।
শুক্রবার ২৯ আগস্ট বিকাল আনুমানিক ৪টার দিকে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাড়িয়াদাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের স্বজনদের অভিযোগ, দেলোয়ার হোসেন বাবু, তার ছেলে মো. লিখন, মেয়ে লুবনা খাতুন এবং আনোয়ার হোসেনের ছেলে রয়েলসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সাবেক সেনা কর্মকর্তা আবদুস সাত্তারের ওপর হামলা চালান এবং তাকে কুপিয়ে জখম করেন।
এ সময় হামলা ঠেকাতে এগিয়ে এলে আবদুস সাত্তারের ছেলে জুয়েল রানা এবং কলেজ শিক্ষার্থী রাহুল পারভেজ রুকুকেও এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। মারধরের ঘটনায় রাহুল পারভেজ রুকুর ডান হাত ভেঙে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ঘটনার বিস্তারিত এবং হামলার কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে আরও তথ্য জানা যাবে।

Reporter Name 















